|
রাজধানীর আমিনবাজারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি ২ দিন পর তীরে তোলা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে দমকল বাহিনীর ২টি ক্রেন ও সেনাবাহিনীর ২টি রেকার দিয়ে বাসটি টেনে তোলা হয়। এ সময় বাসের ভেতর থেকে আব্দুল মোমিন (২৫) নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৯টিসহ এখন পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দড়ি দিয়ে তারপর কপিকল দিয়ে ডুবে থাকা বাসটি তুলে আনার চেষ্টা চলছিল। গত রোববার বাসটি ডুবে যাওয়ার প্রায় ৫৪ ঘণ্টা পরও কিছুতেই কোনো কাজ না হওয়ায় বিকেলে সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনা, নৌ, কোস্টগার্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং পুলিশ বাহিনীর সদস্যরা চেইন কাপ্পা পদ্ধতিতেই বাসটি তীরে তোলেন।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি আমিনবাজারের সালেপুর সেতুতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটি ডুবে যাওয়ার পরপরই ৮ যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী মনোয়ারা খাতুন হাসপাতালে মারা যান।
এদিন দমকল বাহিনীর পাশাপাশি নৌ ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে সোমবার দুপুরে বাসটির অবস্থান সনাক্ত করার পর তা টেনে তোলার কাজ শুরু হয়। এদিন আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি লাশগুলো মঙ্গলবার উদ্ধার করা হয়। |
|
No comments:
Post a Comment